ফ্রান্স কিংবদন্তি জিনেদিন জিদানের কাছে ক্ষমা চেয়েছেন ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের (এফএফএফ) সভাপতি নোয়েল লে গ্রায়েট। সোমবার (৯ জানুয়ারি) এই সংক্রান্ত আনুষ্ঠানিক বিবৃতি জারি করেছেন তিনি। রিয়াল মাদ্রিদের সাবেক কোচকে নিয়ে বিতর্কিত মন্তব্যের পরিপ্রেক্ষিতে এই ক্ষমা চাইলেন এফএফএফ প্রেসিডেন্ট।
ক্রীড়াভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম মার্কা এবং দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়। এতে উল্লেখ করা হয়, ২০২২ কাতার বিশ্বকাপের পর ফ্রান্স জাতীয় দলের কোচ হতে চেয়েছিলেন জিদান। কিন্তু তাকে এড়িয়ে ২০২৬ সাল পর্যন্ত দিদিয়ের দেশমের সঙ্গে চুক্তি নবায়ন করেছে এফএফএফ।
এরপর জিদান সম্পর্কে সাংবাদিকরা জিজ্ঞাসা করলে বাজে মন্তব্য করেন লে গ্রায়েট। তিনি বলেন, ব্রাজিলে যাচ্ছেন জিদান? এতে আমার কিছু যায়- আসে না। তাকে যেখানে খুশি যেতে দিন। তিনি কী আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন? অবশ্যই নয়। আমাকে ফোন দিলেও ধরতাম না। ওকে একটি ক্লাব কিংবা একটি জাতীয় দল খুঁজে নিতে সহায়তা করতে পারেন আপনি।
এই মন্তব্যের পর লে গ্রায়েটের তুমুল সমালোচনায় মাতেন ক্রীড়া থেকে শুরু করে সব অঙ্গনের মানুষ। সেই তালিকায় আছেন ফরাসি কিংবদন্তি ফুটবলার কিলিয়ান এমবাপ্পে, ফ্রাঙ্ক রিবেরি, জিব্রিল সিসে, ইউরি জোর্কাইফ, ফ্লোরেন্ট পিট্রাস এবং ক্রীড়ামন্ত্রী অ্যামেলি ওউদিয়া-কাস্তেরা। তীব্র প্রতিবাদ জানায় রিয়ালও।
ক্রীড়া ও রাজনীতি আঙিনার লোকজন সোচ্চার হওয়ায় ক্ষমা চাইতে বাধ্য হন লে গ্রায়েট। বার্তা সংস্থা এএফপিকে পাঠানো বিবৃতিতে তিনি জানান, এই বিশ্রী মন্তব্য একটি ভুল বোঝাবুঝি তৈরি করেছে।
এফএফএফ কর্তা বলেন, আমি ব্যক্তিগতভাবে এই মন্তব্যের জন্য ক্ষমা চাচ্ছি। এটা কোনোভাবেই আমার চিন্তাভাবনা প্রতিফলিত করে না। একসময় জিদান দুর্দান্ত খেলোয়াড় ছিলেন। তিনি এখন দক্ষ কোচ হয়ে উঠেছেন। এসব বিবেচনা নিয়ে কথাগুলো বলিনি আমি।